মসজিদের বারান্দায় মাথা থেঁতলানো মরদেহ
খুলনার হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী নামের এক দিনমজুরের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) সকালে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত জয়খালী উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশ জানায়, নিহতের মাথায় ভারী ইটের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং মরদেহের পাশেই রক্তমাখা একটি ইট পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ইটের আঘাতে মাথা থেঁতলে তাকে হত্যা করা হয়েছে। নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে সিআইডির (ক্রিমনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহের কাজ শেষ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ওসি হেলাল উদ্দিন আরও জানান, কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা বিভাগের তদন্ত চলছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা