বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির, বিরোধিতা অংশীজনদের
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি এক টাকা ৫০ পয়সা বা প্রায় ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আজ বুধবার (২০ মে) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে দাম বাড়ানোর এই আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সংস্থাটি।
গণশুনানিতে বিপিডিবির প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম দেশের বিদ্যুৎ খাতের সার্বিক চিত্র এবং সম্ভাব্য বিশাল ঘাটতির খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিশাল আর্থিক লোকসান ও সংকট মোকাবিলায় দাম বাড়ানো জরুরি উল্লেখ করে তিনি বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম এখন না বাড়ালে দেশের সামগ্রিক বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।
তবে পিডিবির এই দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন শুনানিতে অংশ নেওয়া রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠনসহ বিভিন্ন অংশীজনরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, অপচয় ও লুটপাটের সমস্ত দায় এখন সাধারণ গ্রাহকের কাঁধে চাপানোর চেষ্টা করা হচ্ছে। ব্যবসায়িক প্রতিনিধিরা সতর্ক করে বলেন, এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো হলে শিল্পকারখানার উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে, যার ফলে দেশীয় উদ্যোক্তারা চরম প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।
পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণের এই গণশুনানি আগামীকাল বৃহস্পতিবারও (২১ মে) যথারীতি অনুষ্ঠিত হবে। এরপর সব পক্ষের যুক্তি ও তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এনার্জি রেগুলেটরি কমিশন।
বিস্তারিত দেখুন ভিডিওতে।

নিজস্ব প্রতিবেদক