এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর রাস্তা পেল সংযোগহীন ব্রিজ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষো ইউনিয়নের বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের দীর্ঘদিনের ভাঙা সংযোগ অংশটি অবশেষে সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক ধসে অচল হয়ে থাকা ব্রিজটির কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এই জনদুর্ভোগ নিয়ে চলতি বছরের ১২ এপ্রিল এনটিভি অনলাইন এবং ১৩ এপ্রিল এনটিভি মাল্টিমিডিয়ায় বিশেষ প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরই দ্রুত উদ্যোগ নিয়ে সংযোগ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
এর আগে, ‘ব্রিজ আছে-রাস্তা নেই, জনদুর্ভোগ চরমে’ শিরোনামে প্রকাশিত সংবাদে ভাঙ্গুড়া থেকে নওগাঁগামী গুরুত্বপূর্ণ এই সড়কের ভয়াবহ দুরবস্থার চিত্র উঠে আসে। সেখানে দেখানো হয়, ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ সড়কের একাংশ ধসে পড়ায় রাস্তা থেকে ব্রিজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভাঙা অংশে পানি ও কচুরিপানা জমে থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো স্থানীয়দের। অনেকেই বাধ্য হয়ে অন্যের জমির আইল ব্যবহার করতেন বিকল্প পথ হিসেবে।
স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এই মারাত্মক সমস্যাটি চলমান থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছায়। বিশেষ করে চলনবিল অঞ্চলের কৃষিপণ্য পরিবহণে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল।
অবশেষে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপে ভেঙে যাওয়া অংশে নতুন করে সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শেষ করা হয়। বর্তমানে সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় গাড়িচালক আব্দুল করিম আনন্দ প্রকাশ করে বলেন, আগে এই ভাঙা রাস্তার কারণে ৫-৬ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হতো। এখন সরাসরি ব্রিজের ওপর দিয়ে যেতে পারছি। এতে আমাদের সময় ও খরচ দুটোই অনেক কমেছে।
রফিকুল ইসলাম নামের এক স্থানীয় কৃষক বলেন, রাস্তা ভাঙা থাকায় আগে মাঠের ফসল বাজারে নিতে আমাদের অনেক খরচ ও কষ্ট হতো। এখন রাস্তা ঠিক হওয়ায় সহজেই ভ্যান-গাড়িতে করে কৃষিপণ্য হাটে নিয়ে যেতে পারছি।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিই। সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)