বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি বসতবাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৭ মে) সকালে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাজীপাড়া এলাকার বাসিন্দা ফজলুর রহমানের বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু, একটি চিরকুট এবং কাফনের কাপড়ের মতো সাদা কাপড় দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হয়। ফজলুর রহমান ওই গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া বস্তু ও চিরকুটকে কেন্দ্র করে বাড়ির মালিক ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, তা খতিয়ে দেখতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর