তিন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (১৬ মে) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : ফ্রান্সের রাস্তায় ‘মাতাল’ হরিণ, সতর্কতা জারি পুলিশের
আরও পড়ুন : অন্তর্বাসে কচ্ছপ লুকিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন নারী
নদী উত্তাল থাকার ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় এসব অঞ্চলের নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচল করতে ও পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক