ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
রাজধানীর বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৪৯ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৬৬ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিসরের কায়রো। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চীনের চেংতু। সমান ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে চিলির সান্তিয়াগো ও চীনের বেইজিং।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এনটিভি অনলাইন ডেস্ক