নিজস্ব সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে আরও সচেতন হতে হবে : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে।
আজ বুধবার (১৩ মে) নিজ নির্বাচনি এলাকা দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং মতবিনিময় সভায় একথা বলেন ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিরিশিরি কালচারাল একাডেমি শুধু সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক।’
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘নেত্রকোণার দুর্গাপুর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে।’
এসময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নেত্রকোণা-৫ আসনের সংসদ-সদস্য মাছুম মোস্তফা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক