নওগাঁয় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নওগাঁয় চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে জেলা খাদ্য বিভাগের আয়োজনে সদর খাদ্য গুদামে এ ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আব্দুল মোতালেব তালুকদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক আতিকুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোজাফফর হোসেন, মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান, সদর খাদ্য গুদামের উপপরিদর্শক নজরুল ইসলাম, উপপরিদর্শক কনক আল আজাদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা।
জেলা খাদ্য বিভাগ জানায়, এ বছর জেলায় কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাই করা কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবে। সদর খাদ্য গুদামে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে এক হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টন সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে এক হাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এ ছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহ করা হবে। প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে দুই টন ধান সংগ্রহ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, নওগাঁ জেলার ১১ উপজেলার ২০টি খাদ্য গুদামে সর্বমোট ২০ হাজার ২১৮ মেট্রিক টন ধান, ৫০ হাজার ৭৯৬ মেট্রিক টন চাল, পাঁচ হাজার ৯৫৩ মেট্রিক টন আতপ চাল এবং তিন হাজার ১৪৩ মেট্রিক টন গম সরকারিভাবে কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আসাদুর রহমান জয়, নওগাঁ