নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে প্রায় ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
সড়কটি দৌলতপুর মেইন রোডের মলাই মিয়ার জমি এলাকা থেকে শুরু হয়ে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বড় বাড়ি জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই পুনঃনির্মাণ কাজ পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। এসময় তিনি বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন শুধু যোগাযোগই সহজ করে না, বরং এটি শিক্ষা, কৃষি ও স্থানীয় অর্থনীতির গতিশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহীনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদকবিরোধী এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া