সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে গ্রেপ্তার দেখানোর আদেশ
রাজধানীর বনানী থানায় দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেখিয়েছেন আদালত।
আজ সোমবার (১১ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আজ বনানী থানার মামলায় পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি এক লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ও পোশাক বাবদ আরও ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে জনপ্রতি অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়ায় এক লাখ সাত হাজার ৫১০ টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা অবৈধভাবে আদায় ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ গ্রহণ, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আসামিরা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আসামি জেল হাজতে আটক থাকায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

আদালত প্রতিবেদক