ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পেছনে বৃদ্ধের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৮০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ওসেকের পেছনের অংশে এক বৃদ্ধকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। সন্দেহ হওয়ায় কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার বিষয়টি আমাদের জানালে আমরা ওসেকের পেছনে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

খান ইফতেখার, ঢাকা মেডিকেল কলেজ