গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত, পিকআপভ্যানে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য নিহত হয়েছে। শনিবার (৯ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যানও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাগচালা এলাকার বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে হানা দেয় একটি সংঘবদ্ধ চোর চক্র। চোরেরা গোয়াল থেকে গরু বের করে পিকআপে তোলার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে যায়। মুহূর্তের মধ্যে মসজিদের মাইক ও মোবাইলফোনের মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে এলাকার শতাধিক মানুষ একত্রিত হয়ে চোরদের ঘেরাও করে। তিনজনকে হাত-পা বেঁধে আটকের পর গণধোলাই দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মফিজ উদ্দিন মোল্লা ও মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান জানান, গত কয়েকদিন ধরে এলাকায় চুরির উপদ্রব বাড়ায় গ্রামবাসী আগে থেকেই সজাগ ছিল। রাত সাড়ে ৩টার দিকে পিকআপসহ চোরদের আটক করার পর বিক্ষুব্ধ জনতা সেটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চুরির কাজে ব্যবহৃত ভস্মীভূত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর
বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)