মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গতকাল বুধবার (৬ মে) রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. রুবেল ওরফে মাওরা রুবেলকে (২২) গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে একতা হাউজিং এলাকায় অভিযান চালায় র্যাব। ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে গেলেও চক্রের মূলহোতা রুবেলকে একটি ‘সামুরাই’সহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চাপাতি ও সামুরাইয়ের মাধ্যমে ভয় দেখিয়ে সাধারণ মানুষের মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
র্যাব আরও জানায়, গত ১১ এপ্রিল আদাবর এলাকায় একজন ডেলিভারি ম্যানকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুবেল জড়িত ছিল। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রুবেলের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে র্যাব-২ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক