অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (৬ মে) রাত থেকে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের বেলা সীমান্ত এলাকায় বিনা কারণে চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও সতর্কতা জারি করেছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভারত থেকে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জুড়ে নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রেখে সীমান্তে এই কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে বেনাপোলের রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর ও রুদ্রপুর সীমান্তে বাড়তি জনবল ও টহল বাড়ানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমাল ও দেশের নিরাপত্তা রক্ষায় এই নজরদারি সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

মহসিন মিলন, বেনাপোল