রাতের মধ্যে ১১ অঞ্চলে আছড়ে পড়তে পারে ঝড়, নৌ বন্দরে সতর্কতা
দেশের ১১ অঞ্চলে রাত ১টার মধ্যে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা বার্তায় অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের মোট ১১টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নৌযানসমূহকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক