হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ঢাকার মোহাম্মদপুরের বাসস্ট্যান্ডে শেখ মোহাম্মদ আশিক নামে এক ছাত্রদলকর্মী আহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সম্প্রতি ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জামান এ অভিযোগপত্র দাখিল করেন।
আজ রোববার (৩ এপ্রিল) সিএমএম আদালতের জিআর শাখার মুন্সি ইসহাক গণমাধ্যমকে জানিয়ে বলেন, অভিযোগপত্রটি আদালত থেকে গ্রহণ করা হলে মামলাটি বিচারের জন্য যাবে।
অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলসহ আরও অনেকে।
অপরদিকে অব্যাহতি পাওয়া আসামিরা হলেন কামরুল হোসেন, ওয়াহিদ হাসান, আক্কাছ সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী প্রকাশ (তাজু), মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, তোফাইল আহমেদ, নিখিল চন্দ্র শীল ও তোতা মোল্লা।
এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল। বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত হয়ে আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন আশিক।

আদালত প্রতিবেদক