দেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল
বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে আরো জটিল হয়ে উঠছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা শহরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।
মন্ত্রী আরও বলেন, নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান রয়েছে। শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি সমস্যার সম্মুখীন হন, যা একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ। তিনি এই বৈষম্য দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক