জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নান্দাইল চৌরাস্তা বাজারের ‘মিজান মেশিনারিজ’ ও ‘হাজী ট্রেডার্স’ নামক দুটি প্রতিষ্ঠানে জ্বালানি তেল বিক্রিতে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিতে তেল কেনার তুলনায় বিক্রির হিসাবের বড় ধরনের গরমিল এবং যথাযথভাবে বিক্রির রেজিস্ট্রার সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিজান মেশিনারিজকে ১৫ হাজার টাকা এবং হাজী ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা রোধ, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ