ফরিদপুরে তিন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে চাঞ্চল্যকর তিন হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। ঘটনার ১২ ঘণ্টা পার হওয়ার আগেই আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে গদাধরডাঙ্গী গ্রামে নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভোরের দিকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না।
এর আগে গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, আকাশ হঠাৎ কোদাল নিয়ে এসে উপস্থিত সবার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন। এসময় রিয়াজ মোল্লা (৪৫) নামে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, অভিযুক্ত আকাশ প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তবে এই নৃশংসতার পেছনে অন্য কোনো কারণ বা পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আকাশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর