বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
বাংলাদেশ ও ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে সাক্ষাৎ করলে এই আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক লাভজনক অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের প্রতিনিধিরা নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন—বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল এবং জ্বালানি খাত। মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা সহযোগিতা। সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।
বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রেই রাজনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়। এছাড়া শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন শামা ওবায়েদ ইসলাম ও বেনোয়া গিদে।

নিজস্ব প্রতিবেদক