নেত্রকোনায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
নেত্রকোনা খালিয়াজুরীতে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল এবং দুপুরে বৃষ্টিসহ বজ্রপাতের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। খালিয়াজুরী থানা পুলিশ বজ্রাঘাতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
সকালে খালিয়াজুরীর জগন্নাথপুরের ফেরিঘাটে ধনু নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে এসে বজ্রাঘাতে প্রাণ হারান এক মৎস্যশিকারী। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।
অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মোনায়েম খাঁ নামের এক কৃষকের। সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মণ্ডল নামে এক ধানকাটা শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হয়েছেন।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে ঈশ্বরগঞ্জ থেকে আসা মৎস্যশিকারী মোতালিব ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরা শুরু করলে ৯টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে সেখানেই তার মৃত্যু ঘটে। অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মোনায়েম খাঁ নামে এক কৃষকের। এবং সিরাজগঞ্জ থেকে আসা ধানকাটা শ্রমিক শুভ মণ্ডলের উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, বজ্রাঘাতে মৃত্যু হওয়া ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, নিহতদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হবে।

ভজন দাস, নেত্রকোনা