ভার্চুয়াল কোর্টে সমস্যা বোধ করিনি, কার্যক্রম গতিশীল : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট চালুর পর প্রথম দিনেই আপিল বিভাগের কার্যক্রম বেশ গতিশীল দেখা গেছে। ব্যক্তিগতভাবে ভার্চুয়াল কোর্টে তিনি এখন পর্যন্ত কোনো সমস্যা বোধ করেননি বলেও জানান।
আজ বুধবার (২২ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত পরিচালনা ও বিচারকদের দায়িত্ব বণ্টনসহ সামগ্রিক পদ্ধতি নির্ধারণের পূর্ণ এখতিয়ার প্রধান বিচারপতির। তিনি মনে করেছেন, সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট বসলে সুবিধা হবে, সেই বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে, গত ৭ এপ্রিল আমাদের (বার সভাপতি ও সম্পাদকসহ) ডেকে তিনি ভার্চুয়াল কোর্টের বিষয়ে পজিটিভ চিন্তা ব্যক্ত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, দুই দিন ভার্চুয়াল কোর্ট চললে জ্বালানির ওপর চাপ কিছুটা কমবে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আজ থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এতে যদি কোনো অসুবিধা হয়, তবে আমরা প্রধান বিচারপতিকে অবহিত করব। আবার যদি আমরা এতে অভ্যস্ত হয়ে যাই, সেটিও জানানো হবে। তবে এই ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক; পরিস্থিতি স্বাভাবিক হলে সর্বোচ্চ আদালত আবার নিয়মিত শারীরিক উপস্থিতির আদালতে ফিরে যাবে।’
এর আগে গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রশাসন ভার্চুয়াল কোর্ট পরিচালনার এই সিদ্ধান্ত জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং জারি করা ‘প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে। তবে সপ্তাহের বাকি তিন দিন (রোববার থেকে মঙ্গলবার) শারীরিক উপস্থিতিতে আদালতের নিয়মিত কার্যক্রম চলবে।

নিজস্ব প্রতিবেদক