রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে এক হাজার ৭৫৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একযোগে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট এক লাখ ৪৯ হাজার ৫৭৫ পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ৪৭ হাজার ৮১৬ শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় সর্বমোট এক হাজার ৭৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় এই বোর্ডে কোনো পরীক্ষার্থী কিংবা পরিদর্শক বহিষ্কৃত হননি।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, জেলাওয়ারী উপস্থিতির হার ছিল সন্তোষজনক। বোর্ডের বগুড়া জেলায় সর্বোচ্চ ২৮ হাজার ১৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ২৩৩ জন অনুপস্থিত ছিল। সিরাজগঞ্জে ৪৬টি পরীক্ষাকেন্দ্রে ২৪ হাজার ৯৬৪ পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২৯২ জন অনুপস্থিত ছিল। রাজশাহীর ৫৫টি পরীক্ষাকেন্দ্রে ২৩ হাজার ৩৮৩ জন উপস্থিত ছিল এবং ৩২৩ জন অনুপস্থিত ছিল। পাবনায় ৩১টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৮৩ জন অনুপস্থিত ছিল। নওগাঁয় ৩৯টি কেন্দ্রে ১৭ হাজার ৫৫৯ পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২৩১ জন অনুপস্থিত ছিল।
এ ছাড়া নাটোরে ২৭টি পরীক্ষাকেন্দ্রে ১৩ হাজার ১৬৫ পরীক্ষার্থী অংশ নেয় এবং ১৮৬ জন অনুপস্থিত ছিল। চাঁপাইনবাবগঞ্জে ১৪টি কেন্দ্রে ১১ হাজার ৫১ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল এবং ১৪১ জন অনুপস্থিত। জয়পুরহাটে ১৭টি কেন্দ্রে মোট সাত হাজার ৫৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ৭০ জন অনুপস্থিত।
সার্বিক বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, বোর্ডের আওতাধীন সব জেলাতেই পরীক্ষার পরিবেশ অত্যন্ত ভালো ছিল। কেন্দ্রগুলোতে কোনো প্রকার জটিলতা বা অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তায় ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন। আশা করছি, বাকি পরীক্ষাগুলো সুন্দরভাকে সম্পন্ন হবে।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)