মেহেরপুরে গুলি করে বিএনপিনেতাকে হত্যাচেষ্টা
মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন বিএনপির এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়া এলাকার কাশেমের মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নেতার নাম মুকুল হোসেন (৫৫)। তিনি সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল হোসেন ডায়াবেটিসের রোগী হওয়ায় প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। সোমবার ভোরে তিনি যখন কাশেমের মোড় এলাকায় পৌঁছান, তখন সেখানে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক, পিঠ ও হাতে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বশিরুল হাসান আজিজ বলেন, কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আমরা দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর আলী জানান, ভোরে মুকুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান অপু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর