রিয়াদের সড়কে ঝরল কটিয়াদীর যুবকের প্রাণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৩২) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সৌদি সময় ভোর ৬টার দিকে ডিউটিরত অবস্থায় রাস্তা পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের রমজান মিয়ার বড় সন্তান। ৫ ভাইয়ের মধ্যে তিনি সবার বড় ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর সৌদি আরবের আলিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় এক বছর তিন মাস আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমান। শনিবার ভোরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোম্পানির ফোরম্যানের মাধ্যমে পরিবারটি এই মর্মান্তিক দুঃসংবাদটি জানতে পারে।
নিহতের ছোট ভাই মো. রুবেল বলেন, ফোরম্যান আমাদের ফোন করে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। এখন আমাদের একমাত্র চাওয়া, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)