শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে উদযাপন
জমকালো আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির বার্ষিক বাংলা নববর্ষ উদযাপন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) গাজীপুর সদরের রাজেন্দ্র ইকো রিসোর্টে সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী এই আনন্দঘন উৎসব উদযাপিত হয়।
দিনভর আয়োজনের মধ্যে ছিল শিশুদের বিনোদনমূলক প্রতিযোগিতা, সদস্যদের পাতিল ভাঙা, স্ত্রীদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে সাংবাদিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ও আড্ডায় মেতে ওঠেন।
শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক উজ্জ্বল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্ষবরণ ও সাংবাদিকতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার নাসির আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার মফস্বল সম্পাদক মো. তাওহীদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সামসুল আলম সিবলী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহ সামসুল হক রিপন এবং সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আমিনুল ইসলাম।
উৎসবে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান ইকবাল। আমন্ত্রিত অতিথিরা শ্রীপুর সাংবাদিক সমিতির এই মিলনমেলার প্রশংসা করেন এবং পেশাগত কাজের চাপের বাইরে এ ধরনের পারিবারিক আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির জন্য জরুরি বলে মন্তব্য করেন। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নাসির আহমেদ, গাজীপুর