মোটরসাইকেলের প্লাগ পরিষ্কার করতে গিয়ে দগ্ধ পাম্প কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে অসাবধানতাবশত দগ্ধ হওয়ার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাম্পের সহকারী ব্যবস্থাপক মনতোষ নাথ (৪৫)। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত মনতোষ নাথ উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ইমামনগর গ্রামের হরিমোহন নাথের ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে নাজিরহাট জনতা অয়েল কোম্পানি লিমিটেডে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে বাড়িতে বিদ্যুৎ ছিল না। অন্ধকারের মধ্যে বসতঘরের সামনে নিজের মোটরসাইকেলের প্লাগ পরিষ্কার করে তেল ঢুকাচ্ছিলেন মনতোষ। পাশে তার স্ত্রী ও চার বছর বয়সী সন্তান ছিল। সে সময় কাছে থাকা চেরাগ বাতির আগুন তেলের সংস্পর্শে আসতেই মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে। এতে মনতোষ গুরুতর অগ্নিদগ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন আইসিইউতে থাকার পর শনিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মনতোষের বাড়ির সর্দার উজ্জ্বল নাথ জানান, মৃত্যুর বিষয়টি পাম্প কর্তৃপক্ষ ও ফটিকছড়ি থানা পুলিশকে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)