কারাবন্দি জেলা আ.লীগের উপদেষ্টার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
জামালপুরে কারাবন্দি অবস্থায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জিয়াউল হক জিয়ার (৫৪) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম।
জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ধরনীকান্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
জানা গেছে, জিয়াউল হক জিয়া দিগপাইত ধরনীকান্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থাকাকালীন ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের ঘটনা ঘটে। শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। পরে তাকে গত ১৫ জানুয়ারি জেল হাজতে পাঠান আদালত।
জামালপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে জেলা কারাগারে দুপুরে উন্নত খাবারের আয়োজন করা হয়েছিল। জিয়াউল হক জিয়া দুপুর ১টার দিকে খাবার খান। এর কিছুক্ষণ পর থেকে তিনি অসুস্থবোধ করেন। পরে দুপুর ২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৫টা পর্যন্ত চিকিৎসা নেন। পরে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পুলিশ পাহারায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, নিহত জিয়াউল হক জিয়ার রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়েছিল। পরে তাঁকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, দুদকের একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। কাল দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেইখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুরতহাল, ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ, জামালপুর