স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতন, হত্যার হুমকি
যশোরের শার্শায় স্কুল থেকে ফেরার পথে সজিব হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রকে জোর করে তুলে নিয়ে এক দোকানে আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। থানায় অভিযোগের পর প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
রোববার (১২ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা ফরিদা খাতুন স্থানীয় সাকিব, রিপন, রাজু, সিয়ামসহ পাঁচ-সাতজনের বিরুদ্ধে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা সবাই বাসাবাড়ি এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বসন্তপুর গ্রামের সজিব হোসেন স্কুল থেকে বাড়ি ফিরছিল। এদিন দুপুর ১টার দিকে বাসাবাড়ি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা একদল যুবক তাকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। এরপর তাকে হাত-পা বেঁধে সাকিবের দোকানের ভেতরে কাঠের বাটাম ও কুড়ালের আছাড় দিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে। একপর্যায়ে সজিবের পরনে থাকা প্যান্ট খুলে তার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসামিরা।
লিখিত অভিযোগ থেকে আরও জানা যায়, পরে সজিবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। মারধর ও নির্যাতনের ফলে সজিবের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ ঘটনায় সজিবের মা ফরিদা খাতুন রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী সজিবের মা ফরিদা খাতুন বলেন, থানায় অভিযোগ দায়েরের পর বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। বর্তমানে আমি ও আমার ছেলে সজিব চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিয়ষটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহসিন মিলন, বেনাপোল