গান, নাচ ও আবৃত্তিতে পুরোনো বছরকে বিদায়
নেত্রকোনায় বাংলা ১৪৩২ সনকে নাচ-গান ও আবৃত্তিতে বিদায় জানানো হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বর্ষবিদায়ের এ অনুষ্ঠান হয় পৌর শহরের উকিলপাড়ায় প্রত্যাশা সাহিত্যগোষ্ঠী প্রাঙ্গণে।
জেলার ঐতিহ্যবাহী সামাজিক-সংস্কৃতিক সংগঠন ‘প্রত্যাশা সাহিত্যগোষ্ঠী’ আজ বিকেলে এ বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
বর্ষবিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, উদীচীর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান, প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রত্যাশা পরিবারের সদস্যরা।
দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় জানানো হয়। সেখানে সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেয় প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা।
বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির মো. মনির হোসেন বলেন, ৪২ বছর ধরে প্রত্যাশা এ আয়োজনের সঙ্গে যুক্ত।
এবারের আয়োজনও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে উল্লেখ করে মো. মনির হোসেন বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

ভজন দাস, নেত্রকোনা