হেরোইন উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে হেরোইন উদ্ধারের ঘটনার মামলায় ইমরান ও রবিন নামের দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি জহিরুল ইসলাম কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল ইসলাম কাইয়ুম বলেন, বিচারক কারাদণ্ডের পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাস করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
কাইয়ুম আরও বলেন, এ মামলায় আরেক আসামি সানজিদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে পুলিশ গোপন সংবাদে জানতে পারে, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ইমরান ও রবিনকে আটক করা হয়। এ সময় বেবি ও সানজিদা নামের দুই মাদক কারবারি পালিয়ে যায়। ইমরান ও রবিনের কাছ থেকে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জনি মামলা দায়ের করেন। মামলা শেষে একই বছরের ২৩ এপ্রিল ইমরান, রবিন ও সানজিদার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মুকিত হাসান।

আদালত প্রতিবেদক