বর্ষার আগেই যমুনার ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার আরিচা ১ নম্বর ফেরিঘাট থেকে তেওতা বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। অসময়ে এই ভাঙন শুরু হওয়ায় নদীপাড়ের হাজারো মানুষ ভিটেমাটি হারানোর আতঙ্কে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে আরিচা ফেরিঘাট ও তেওতা বাজারের মধ্যবর্তী এলাকাগুলোতে নদীর তীর ধসে পড়ছে। এতে ঘরবাড়ি ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষা পূর্ণাঙ্গভাবে শুরু হলে ভাঙনের এই তীব্রতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিবছর ভাঙন শুরু হলে জরুরি ভিত্তিতে কিছু জিওব্যাগ ফেলা হয়, যা দীর্ঘমেয়াদে কোনো কাজে আসে না। শুষ্ক মৌসুমেই টেকসই বাঁধ নির্মাণ করা হলে এই সংকট এড়ানো সম্ভব হতো।
এদিকে, সম্প্রতি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি নৌকায় করে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, ভাঙনরোধে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ামাত্রই দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ