মুরাদনগরে মা-মেয়ের মরদেহ উদ্ধার
কুমিল্লার মুরাদনগরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও আত্মীয়দের দাবি, অভাব-অনটন ও মানসিক যন্ত্রণার কারণে তারা বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) এবং তার পাঁচ বছর বয়সী কন্যা রোকাইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে থাকা খাদিজা বেগমের প্রথম সংসার টেকেনি। পরে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হলেও কিছুদিন পরই স্বামী মারা যান। এরপর থেকেই তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই খাদিজা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিলেন। বুধবার গভীর রাতে তিনি মেয়েকে নিয়ে বিষ পান করেন। একপর্যায়ে ছোট্ট রোকাইয়ার কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম এসে দরজা খুলে দেখেন, তারা বিষপান করেছেন।
পরে দ্রুত তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অসুস্থতা ও অভাব-অনটনের কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এদিকে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা