একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী
শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ভবিষ্যতে সারা দেশে একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার মান উন্নয়ন করতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও তিনি আসা প্রকাশ করেন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমার উপাসনালয়, সদকায়ে জারিয়াহর ইবাদতখানা হিসেবে আমি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে হবে। তাহলে আমরা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবো।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকরা (পিডিরা) চালাকি করে পার পাবেন না। আমাদেরকে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ নীতিতে যেতেই হবে। আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে প্রদান করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার শূন্য হলেও এমপিও বাতিল হবে না, তবে এই সুযোগ শুধু এবারের জন্যই। এটা বাস্তবায়নের জন্য পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদেরকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে। আগামী দিনে সারা দেশে একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে। এ বিষয়ে উপস্থিত শিক্ষকরা ইতিবাচক মতামত প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক