ঝুম বৃষ্টিতে শুরু ঢাকার সকাল, পূর্বাভাসে যা জানা গেল
রাজধানী ঢাকাতে আজ বৃহস্পতিবারের (৯ এপ্রিল) সকালটা শুরু হয়েছে ঝুম বৃষ্টিতে। রাতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। গতকাল বুধবার (৮ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিমিটার।
