জেলের জালে ধরা পড়ল ৪০ কোরাল
পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সাইজের কোরাল মাছ।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে মহিপুর মৎস্য বন্দরে এই বিশাল মাছের চালানটি নিয়ে আসেন মাঝি কাদের ও তার সঙ্গীরা। অনেক দিন পর একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে।
কাদের মাঝির জালে ধরা পড়া ৪০টি কোরাল মাছের ওজন হয়েছে প্রায় সাড়ে তিন মণ। মাছগুলো নিলামে তোলা হলে মৎস্য বন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিলাম শেষে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। সেই হিসেবে প্রতি কেজি কোরালের দাম পড়েছে ১ হাজার ২২৫ টাকা।
ট্রলারের মাঝি কাদের বলেন, প্রায় দুই মাস পর সাগরে এমন ভালো মাছের দেখা পেয়েছি। অনেকদিন ধরে অভাব-অনটনে ছিলাম, এই মাছগুলা পাওয়ায় আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নির্ধারিত সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে মাছ ধরার কারণেই সাগরে মাছের উৎপাদন বাড়ছে। কোরাল অত্যন্ত মূল্যবান একটি প্রজাতির মাছ। জেলেরা যদি এভাবেই সচেতন হয়ে মাছ ধরেন, তবে ভবিষ্যতে আরও বড় বড় মাছের চালান পাওয়া যাবে।

ইব্রাহিম ওয়াহিদ, পটুয়াখালী (কলাপাড়া-কুয়াকাটা)