মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। চলতি মৌসুমে জেলাটিতে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।
কয়েকদিন আগেই এলাকায় হালকা শীতের আমেজ থাকলেও হঠাৎ তাপমাত্রার এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। প্রখর রোদে খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
তীব্র গরমের প্রভাব পড়ছে যান চলাচলেও। মোটরসাইকেল চালকসহ সাধারণ পথচারীরা রোদের তাপে অস্থির হয়ে পড়ছেন। দিনমজুর ও রিকশাচালকদের আয়ও কমে গেছে অসহনীয় এই পরিস্থিতির কারণে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮ ডিগ্রি অতিক্রম করল। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা