অবৈধভাবে পেট্রোল মজুতের অপরাধে দোকানিকে জরিমানা
সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লায় অবৈধভাবে পেট্রোল মজুত ও লাইসেন্সবিহীন বিক্রির অপরাধে ইসমাইল হোসেন নামে এক দোকানিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গয়লা মহল্লার ইসমাইল হোসেনের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে ইসমাইল তেল বিক্রির বিষয়টি অস্বীকার করেন। তবে সন্দেহভাজন হিসেবে তার বাড়িতে তল্লাশি চালানো হলে বেশ কিছু তেলের খালি কন্টেইনার পাওয়া যায় এবং লুকানো অবস্থায় ২১.৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।
জ্বালানি তেল বিক্রির প্রয়োজনীয় কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংগৃহীত অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা নেওয়া হয়।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ