নয়াপল্টন কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকে বসেন।
আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, বৈশ্বিক পরিস্থিতিতে কীভাবে দেশ পরিচালনা ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকে কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে পল্টন অফিসের সামনে ভিড় করেন।
বিএনপির শীর্ষ নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কার্যালয়ে বসে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক