ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে, ২ নারীর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলের এ ঘটনায় দুই নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন—রাজবাড়ীর ভবানীপুর এলাকার বাসিন্দা রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। মর্জিনা বেগমের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ছাড়া নুসরাত (২৯) নামের এক নারী চিকিৎসক আহত হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, যাত্রীবাহী বাসটি পন্টুনে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে ডুবে যায়। বাসের ভেতর আরও যাত্রী আটকে আছে কি না, তা নিশ্চিতে বাইরে থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল এনে উদ্ধার কাজ অব্যাহত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী