রাজধানীতে তেলের পাম্পে দীর্ঘ লাইন
রাজধানীর গাবতলী এলাকার বড় পেট্রোল পাম্পগুলোর অন্যতম সোহাগ গ্রুপের এসপি ফিলিংস। প্রতিদিন যেখানে শতশত গাড়ি তেলের জন্য লাইন ধরতো। গত দুই দিন ধরে সেটি বন্ধ। ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে পাম্পের সবগুলো প্রবেশ পথ। হাত তুলতেই এসপি ফিলিংসের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘মামা, অকটেন নাই’।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নিরাপত্তাকর্মী বলেন, ‘মামা অকটেন নাই। কখন আসবে জানি না। ম্যানেজার থেকে শুনেছি সন্ধ্যায় আসতে পারে। তাও শিওর না।’
একই দৃশ্য রাজধানীর প্রায় সবগুলো পেট্রোল পাম্পে। আসাদ গেটের সোনার বাংলা পাম্পে বাইকের দীর্ঘ লাইন দেখা গেছে সকাল সাড়ে ৯টার দিকেই। কিন্তু সেখানেও তালা ঝুলছে। বাইক চালক আরেফিন বলেন, সোনার বাংলা পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ২টায় পাম্প খুলবে তারা। তখন অকটেন দেওয়া হবে। তাই আমরা সবাই অপেক্ষা করছি।
পাম্পের এক কর্মচারীর সঙ্গে কথা বললে তিনি জানান, আমাদের পাম্প আজ দুইটা থেকে তেল দিবে। কিন্তু এখন থেকেই বাইকার ও কারগুলো অপেক্ষা করছে।
সোনার বাংলা পাম্পে মাইক বাজিয়ে জানানো হচ্ছে দুইটা থেকে তেল দেয়ার কথা। একই দৃশ্য দেখা গেছে, স্যাম এসোসিয়েটস লিমিটেডের পাম্পে। সেখানে রেকর্ডেড বার্তা ‘এখানে অকটেন নেই’ বাজানো হচ্ছে।
কল্যাণপুরের সবচেয়ে বড় পাম্প সোহরাব ফিলিংস স্টেশনে দেখা গেছে একের পর এক বাইক চালকরা ফিরে যাচ্ছেন। যাদের একজন জাবেদ। তিনি বলেন, ‘ভাই আমি পাঠাও চালাই। আজ বাইকে একদম তেল নেই। আমার পরিবার চলে এই টাকা দিয়ে। এখন বাইক না চালাতে পারলে কীভাবে যে সংসার চালাবো।’
আসাদ গেটের তালুকদার পাম্পেও একই দৃশ্য। সিকিউরিটি বিশ্বনাথ বলেন, তেল কখন আসবে আমরা জানি না। কাল থেকেই সব বন্ধ এখানে। সন্ধ্যার পর খবর নিতে পারেন।
কল্যাণপুরের সাহিল পাম্প, বিজয় সরণি ট্রাস্ট, পরীবাগ, মতিঝিল, রাজারবাগ ও মগবাজার, নিউমার্কেট কোথাও অকটেনের দেখা পাওয়া যাচ্ছে না।

সোহরাব মাহাদী