ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ২১টি সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে পবিত্র ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসদের মধ্যে শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন।
সভাপতি ও মহাসচিব ঈদুল ফিতরের ছুটির সময়ে বাংলাদেশের সব সরকারি হাসপাতালে জনগণের জরুরি স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি প্রশাসন অধ্যাপক ডা. জাহিদ রায়হান, ড্যাবের যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডা. রেজোয়ানুর রহমান সোহেল।
এ সময় ড্যাব নেতারা রোগীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স পৌঁছে দেন ডা. ইমরান, ডা. নাসিম, ডা. নাহিদ, ডা. লেমন, ডা. মাহফুজ, ডা. রাজিব প্রমুখ।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ড্যাব শাখার সভাপতি ডা. আজহারুল ইসলামের তত্ত্বাবধানে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের মধ্যেও ড্যাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাব সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদ।
এই কার্যক্রমে অংশ নেন হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. এনায়েত হোসেন ও কেন্দ্রীয় ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেবাচিম ড্যাবের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, কেন্দ্রীয় ড্যাবের সহ-প্রকাশনা সম্পাদক ডা. রাফসান জানী আবীর, শেবাচিম ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ড্যাবের আজীবন সদস্য ডা. হাসিবুর রহমান প্রমুখ।

খান ইফতেখার, ঢাকা মেডিকেল কলেজ