চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, জামাত সকাল ১০টায়
১৯৯তম ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানের সর্বশেষ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, র্যাব-১৪ ময়মনসিংহ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল ইসলাম, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, এবারও আগের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে শোলাকিয়ায়। মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি। কিশোরগঞ্জবাসীর ধারণা ফ্যাসিবাদের দোসর ফরিদ উদ্দিন মাসুদ ইমামতিতে না থাকায় গতবারের ন্যায় এবারও সবচেয়ে বেশি মুসল্লির সমাগম ঘটবে এবারের ঈদুল ফিতরের জামাতে। সকাল ১০টায় শুরু হবে ঈদুল ফিতরের জামাত। দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিতীয় বারের মতো ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন ইমাম কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় জামাতে টুপি ও জায়নামাজ এবং মোবাইল ফোন ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না।
জেলা প্রশাসক আরও জানান, শোলাকিয়া ঈদগাহ মাঠের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারের ঈদের জামাতে টুপি ও জায়নামাজ এবং মোবাইল ফোন ছাড়া আর কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না মুসল্লিরা। মাঠে আগত মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ২০১৬ সাল থেকে আমরা সব সময় বাড়তি ব্যবস্থা গ্রহণ করে থাকি ও করছি। এবারও আগের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে শোলাকিয়ায়। তাই আমরা কিছু বাড়তি আয়োজন করেছি। এর মধ্যে ময়দানকে লক্ষ করে চার স্তরের বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক হাজার ১০০ পুলিশ সদস্য নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে কাজ করবে। বিশেষ নিরাপত্তার জন্য বিল্ডিংয়ের ছাদ স্পেশাল রুফটফের ব্যবস্থা থাকবে। প্রতিটি মানুষ যখন ঈদগাহ ময়দানে আসবেন পুলিশের চারটি স্থাপনা পেরিয়ে আসতে হবে। সেটি চেকপোস্ট হোক বা পিকেট হোক। আবার কোথাও কোথাও পাঁচ থেকে ছয়টি স্থাপনা পেরিয়ে ময়দানে আসতে হবে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে ছয়টি। তার মধ্যে র্যাব ব্যবহার করবে দুটি আর চারটি ব্যবহার করবে পুলিশ। এ ছাড়া পাঁচ প্লাটুন বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীও নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবে। পাশাপাশি মাঠে চারটি ড্রোন ক্যামেরা থাকবে। থাকবে মাইনো কোলারসহ ছয়টি ভিডিও ক্যামেরা।
পুলিশ সুপার আরও বলেন, পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। মানুষ যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে তাই আমাদের এই আয়োজন। এখানে ফায়ার সার্ভিস কাজ করবে। ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে। পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে। সুইপিং করা হবে। বোম ডিসপোজাল টিম ঢাকা থেকে আসবে। আমরা কোনো হুমকি মনে করছি না।
র্যাব ১৪-এর অধিনায়ক আলী নোমান জানান, স্নাইপার, ড্রোন ক্যামেরা, দুটি ওয়াচ টাওয়ার মাধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে র্যাব সদস্য পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবে। কোনো থ্রেট নেই বলেও জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম জানান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঈদুল ফিতরের নামাজ যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় তাই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। ধারণা করছি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ এবার সর্বোচ্চ সংক্ষক মুসল্লি শোলাকিয়া ঈদ জামাতে অংশগ্রহণ করবেন।
শোলাকিয়া ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান মারুফ বলেন, মাঠের রং করা থেকে শুরু করে মুসল্লিদের অজু ও গোসলের সব ব্যবস্থা করা হয়েছে।
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ২০১৬ সালের ৭ জুলাই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য, এক নারী এবং এক জঙ্গিসহ চারজন নিহত হন। এ জঙ্গি হামলায় পুলিশসহ ১৬ মুসল্লি আহত হন। কিন্তু তার পরও ভাটা পড়েনি ঐতিহাসিক এ ঈদগাহ ময়দানের ঈদের জামাতে মুসল্লিদের আগমনে।
জনশ্রুতি আছে, শাহ সুফি সৈয়দ আহমদ ঈদের জামাতের মোনাজাতে ভবিষ্যতে মাঠে মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে ‘সোয়া লাখ’ কথাটি ব্যবহার করেন। অন্য একটি মতে, সেই দিনের সেই জামাতে এক লাখ ২৫ হাজার অর্থাৎ সোয়া লাখ লোকের জমায়েত হয়। সেই ‘সোয়া লাখ' থেকে কালের পরিবর্তনে ‘শোলাকিয়া’ নামটি চালু হয়ে যায়। পরবর্তী সময়ে ১৯৫০ সালে স্থানীয় দেওয়ান মান্নান দাদ খাঁ (মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর) ঈদগাহের জন্য ৪ দশমিক ৩৫ একর জমি শোলাকিয়া ঈদগাহে ওয়াকফ করেন। এই মাঠে ২৬৫টি কাতার আছে, প্রতিটি কাতারে ৫০০ মুসল্লি নামাজের জন্য দাঁড়াতে পারেন।
বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তরে শোলাকিয়া ঈদগাহ ময়দানের চেয়েও বড় ঈদগাহ ময়দান প্রতিষ্ঠিত হলেও মুসল্লির উপস্থিতির দিক থেকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতই এ উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)