আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট
চাঁদপুরের কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে খিলমেহের গ্রামের শিকারি বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল নিজেদের ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) দিনগত রাত ১টার দিকে ১৫-১৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল মো. হারুন শিকারির বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং প্রচণ্ড মারধর করে। ডাকাতরা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৩টি মোবাইল ফোন লুট করে।
ডাকাতদের হামলায় গৃহকর্তা হারুন শিকারি, তার স্ত্রী মোরশিদা বেগম এবং পুত্রবধূ তুলী আক্তার আহত হয়েছেন। এছাড়া ঘরে থাকা অন্য পুত্রবধূ মুন্নী আক্তার ও নাতনি হামিদা আক্তারকেও হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হারুন শিকারি জানান, তার এক প্রবাসী আত্মীয়ের পাঠানো কিছু টাকা ঘরে রাখা ছিল, ডাকাতরা সেই টাকাসহ সব মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর