সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
রাজধানীর ভাটারা থানার ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি শুরু হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রিফাত আল আফসানী।
এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করে ব্যাঙ্গ করলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। এর প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেন রবিউল ইসলাম। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন।
এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় ভুক্তভোগী রবিউল ইসলাম নিজে বাদী হয়ে মামলা করেন।
২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

আদালত প্রতিবেদক