বিএফডিএসের তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল
রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে বিশেষ স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দেশের অন্যতম কার্যকর ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (বিএফডিএস)। মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত এই আয়োজনে দেশের শীর্ষ পর্যায়ের তিন শতাধিক ডেন্টাল চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, বিএফডিএস মাত্র আট বছরের পথচলায় পেশাগত উন্নয়নে যে ধরনের ইভেন্ট করেছে তা অভূতপূর্ব। সেই ধারাবাহিকতায় প্রকাশিতব্য ‘নিরাময় ৩’ ম্যাগাজিনটি দেশের মানুষের মুখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ম্যাগাজিনের মোড়ক উন্মোচনে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম এবং জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক, ঢাকা ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের ছাত্র অধ্যাপক আশরাফ হোসেন, অধ্যাপক শামীম সুলতানা রুমা, ডা. সামস জামান, ডা. ফজলে রাব্বি, ডা. সিফাত উদ্দিন খানসহ বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এবং জনপ্রিয় ডেন্টাল সংগঠনগুলোর প্রধানরা।
সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মানসিক স্বাস্থ্য ও শিশুদের বিষয়ে ব্যতিক্রমধর্মী আলোচনা, যা উপস্থিত চিকিৎসকদের মুগ্ধ করে।
ইফতার শেষে মানবিক এক আয়োজনে অমুসলিম পরিবার থেকে আসা পাঁচজন নবমুসলিম হাফেজকে বিশেষ ঈদ উপহার দেওয়া হয়। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এনটিভি অনলাইন ডেস্ক