রাজধানীতে ৪৭টি মাথার খুলি উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানবকঙ্কাল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা।
আজ মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে ডিএমপি বিষয়টি তুলে ধরেন। গ্রেপ্তারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল উত্তোলন করে একটি চক্র। রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীর কাছে চক্রটি সেগুলো বিক্রি করে ৫-৭ হাজার টাকায়। তারা কলেজ হোস্টেলে নিজেদের রুমে কেমিক্যাল দিয়ে প্রসেসিং করে ফেসবুকের প্রাইভেট গ্রুপে ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সম্মুখে রাস্তার ওপর অবৈধ উপায়ে কবরস্থান থেকে মানবকঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে অভিযান পরিচালনা করে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানবকঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করতো। গ্রেপ্তার হওয়া মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং গ্রেপ্তারকৃত আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক