সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর বাচ্চু মিয়া নিহত
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার (৮ মার্চ) স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বাচ্চু মিয়াসহ মোট দুজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্যের চাকা ঘোরাতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় সাত বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাচ্চু মিয়া। দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করেও পরিবারের আর্থিক কষ্ট পুরোপুরি ঘোচাতে পারেননি তিনি। বর্তমানে তার স্ত্রী ও তিন সন্তান গ্রামের একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার।
ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ মা ফাতেমা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের মরদেহটা যেন আমরা দেখতে পারি। আর নাতি-নাতনিদের যেন তাদের বাবার কবরটা দেখাতে পারি।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পরিবারটিকে আর্থিক সহায়তা ও দুই বান্ডিল টিন প্রদান করা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)