সিইসিকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচনে সহায়তা করার জন্য সিইসি ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে সাধুবাদ জানায় ইইউ।
বৈঠকে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন মিলে যার আওতায় ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে।
ইসির আরেকটি সূত্র বলছে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল ছিল ইউরোপীয় ইউনিয়নের। ইইউ দ্রুতই রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। যেখানে নির্বাচনি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে। সেজন্য সিইসিকে নিমন্ত্রণও জানায় ইইউ।

নিজস্ব প্রতিবেদক