জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু
জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে কোদালের গোড়া দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার তিন আপন ভাইয়ের বিরুদ্ধে। আহত অবস্থায় টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিলকিস বেগম নামের ওই নারী।
মামলার বিবরণ ও নিহতের পরিবারের বরাতে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক বলেন, গত ১ সেপ্টেম্বর সকালে হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী বিলকিস বানু তার পৈতৃক সূত্রে পাওয়া ৩৯ শতক জমিতে চাষাবাদ দেখতে যান। সে সময় তার তিন ভাই- রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী তাকে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে অপর দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিসের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত বিলকিস বানুকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট